রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, যা মিলল সিসিটিভিতে

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে নুসরাত জাহান নামের সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও নিখোঁজ শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপহৃত নুসরাতের বাবা মো. তাজেল পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। পরিবারটি পূর্ব শেওড়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাসার সামনের গলিতে খেলছিল শিশু নুসরাত। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে ঘরে না ফেরায় পরিবার ও আশপাশের লোকজন তাকে খুঁজতে শুরু করেন।
কোথাও নুসরাতের সন্ধান না পেয়ে রাত ৯টার দিকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ১০টার দিকে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা শুরু করে।
সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে একটি চাঞ্চল্যকর দৃশ্য সামনে আসে। পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে অন্য শিশুদের সঙ্গে নুসরাত যখন খেলছিল, তখন কালো রঙের কামিজ পরিহিত এক অজ্ঞাত তরুণী তার কাছে যান। কিছু সময় কথা বলার পর তরুণীটি শিশুটির হাত ধরে হেঁটে গলি থেকে বের হন এবং একটি রিকশায় তুলে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পাওয়ার পরপরই অপরাধীকে চিহ্নিত করতে এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ভাসানটেক বস্তি এবং মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন সম্ভাব্য এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়।
এখন পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সুনির্দিষ্ট সন্ধান মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, শিশুটিকে দ্রুত উদ্ধার করতে এবং অপহরণের সাথে জড়িত তরুণীকে গ্রেপ্তারে কাফরুল থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক বিশেষ ইউনিট ও গোয়েন্দা টিম যৌথভাবে মাঠে কাজ করছে।
Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

https://bn.khaborwala.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।