রাজশাহী ও রংপুরে ১৫১ থানায় সব ধরনের অনলাইন জিডি সেবা চালু

রাজশাহী ও রংপুর রেঞ্জের ১৫১টি থানায় সব ধরনের অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে এই ধরনের সেবা চালু করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সেবা রাজশাহী ও রংপুর রেঞ্জের প্রতিটি জেলা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে পুলিশি সেবা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ঘরে বসেই অনলাইনে সব ধরনের জিডি করার সুযোগ তৈরি করেছে।

এখন পর্যন্ত ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু ছিল। এবার রাজশাহী ও রংপুর রেঞ্জের থানাগুলোও এই সেবা পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে নতুন সেবায় এখন থেকে রাজশাহী ও রংপুর রেঞ্জের সব থানায় (মোট ১৫১টি থানা) সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। এ ছাড়া, পরবর্তী সময়ে অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে।

এই সেবা গ্রহণের জন্য ‘অনলাইন জিডি’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপে একবার রেজিস্ট্রেশন করলে আরেকটি রেজিস্ট্রেশন করতে হবে না। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুত এবং সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।