রাশিয়া-চীন ব্যর্থ, ফের ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

রাশিয়া ও চীনের প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় রবিবার থেকেই ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে। নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে মাত্র চারটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, নয়টি দেশ বিপক্ষে অবস্থান নেয় এবং দুটি দেশ বিরত থাকে। ফলে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব গৃহীত হয়নি।

জাতিসংঘে ব্রিটেনের প্রতিনিধি বারবারা উড জানান, নিরাপত্তা পরিষদ ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার সব ধাপ পূরণ করেছে। তাই ইরানের ওপর পারমাণবিক বিস্তার রোধে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৮টা (বাংলাদেশ সময় রোববার সকাল ৬টা) থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এর পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চাইবে না। আমাদের অত্যধিক সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে স্বচ্ছ থাকতে আমরা প্রস্তুত।’

তবে ইরান ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে। নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করেছে, আর ই৩ (ব্রিটেন, ফ্রান্স, জার্মানি) সেটিকে কবর দিয়েছে। এই স্ন্যাপব্যাক আইনগতভাবে অকার্যকর, রাজনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীন এবং প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ।’

জাতিসংঘের পাশাপাশি কয়েকদিনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাও কার্যকর হবে। এর ফলে ইরানের অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে আবারও নিষেধাজ্ঞা জারি হবে। দেশটির বিশ্বব্যাপী সম্পদ জব্দ হবে এবং অনেক ইরানি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জ্বালানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এবার জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরার পর ইরান-পশ্চিম সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।