খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫
রাষ্ট্রের পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৬ আগস্ট। বুধবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় সদস্যের শুনানি নিয়ে আপিল বিভাগের বেঞ্চ পরবর্তী দিন ঠিক করে এ আদেশ দেন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের (রিভিউ) ওপর শুনানি শেষ হয়েছে আজ। এদিন আদালতে রিভিউ আবেদনকারী মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন শুনানি করেন। রিট আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানিতে অংশ নেন।
২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নির্ধারণ করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০১৬ সালের ১০ নভেম্বর।
রায়ে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রমে অগ্রাধিকার দিয়ে ওপরের দিকে স্থান দেওয়া উচিত।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বিষয়ে এই পূর্ণাঙ্গ রায় লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সেই আপিল বেঞ্চে আরও ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির পদমর্যাদা এক ধাপ বাড়িয়ে জাতীয় সংসদের স্পিকারের সমান করা উচিত। পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ—যেমন স্বাধীনতা পদকপ্রাপ্ত, একুশে পদকপ্রাপ্ত এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর উত্তম খেতাবধারীদের—পদমর্যাদাক্রমে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা উচিত।
খবরওয়ালা/এফএস