“রাষ্ট্র তোমার সময় শেষ , জারি করো অধ্যাদেশ”

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। অধ্যাদেশ জারি না হলে রবিবার (৭ ডিসেম্বর) থেকে তারা শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিক্ষোভের পর ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান।

তিনি বলেন, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় জটিলতা বাড়ছে। তাই রবিবার থেকে তারা শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান করবেন। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। দুই ঘণ্টারও বেশি সময়ের অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন।

এরই মধ্যে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি না করতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সচেতন থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

 

খবরওয়ালা / এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।