রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিরাপত্তা শাখার কর্মকর্তা মামুন-অর-রশিদকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) দুপুরে রুয়েট ক্যাম্পাসে নিজ কার্যালয়ে তাকে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে তারা মতিহার থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়, কারণ মামলা বোয়ালিয়া থানায় দায়ের করা হয়েছিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহাম্মেদ বলেন, “গত বছরের ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মামুন আত্মগোপনে ছিলেন। শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে পুলিশের কাছে তুলে দেন।”

তিনি আরও জানান, মামুন বর্তমানে থানায় আছেন এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, মামুন-অর-রশিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ছাত্র ছিলেন এবং সে সময় তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। গত বছরের ৫ আগস্টের হামলায় রুয়েটের কিছু কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ ওঠে। মামুন-অর-রশিদ তাদের একজন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।