খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়।
এ সময় ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে চিকিৎসার জন্য রাখা প্রায় ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে পিপুলবাড়িয়া মাঠে থাকা একটি যাত্রীছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে ডাকাতরা অ্যাম্বুলেন্সটির গতি রোধ করে। এরপর পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রীদের জিম্মি করে।
অ্যাম্বুলেন্সের চালক রতন জানান, “রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি থামিয়ে আমার গলায় অস্ত্র ধরে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।”
রোগীর স্বজন জালাল বলেন, “আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।”
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদ্রোগজনিত সমস্যায় লিটন নামের এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা সত্যিই উদ্বেগজনক।”
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ডাকাতির বিষয়ে আমরা এখনো কিছু জানি না। এই বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি।”
খবরওয়ালা/টিএসএন