লন্ডনের বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১০০ দমকলকর্মী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন লন্ডন ফায়ার ব্রিগেডের প্রায় ১০০ জন দমকলকর্মী। আগুনের কারণে পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনের ছাদে আগুন ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে ৮০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে অ্যাবারডিন প্লেসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবর।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে ১৫টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি ৩২-মিটার টার্নটেবল ল্যাডার ব্যবহার করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিস্ফোরণের শব্দের পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দা ও জরুরি সেবার কর্মীদের মুখে মাস্ক পরতে দেখা গেছে।

একজন বাসিন্দা জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রী’র ডাকে জেগে উঠে জানালা দিয়ে বিশাল আগুনের শিখা দেখতে পান। তার ভাষায়, ঘন ধোঁয়ার মধ্যে আগুনের ভয়াবহতা চোখে পড়ছিল, এটা কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়।

2Q== লন্ডনের বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১০০ দমকলকর্মী
আগুনে পার্শ্ববর্তী ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ধোঁয়ার হাত থেকে বাঁচতে বাসিন্দারা মুখে মাস্ক পরেছেন। ছবি: দ্য টেলিগ্রাফ

ঘটনাস্থলে থাকা স্টেশন কমান্ডার পল মরগান বলেন, ‘এই আগুন খুব দৃশ্যমান এবং অনেক ধোঁয়া তৈরি হচ্ছে। আমরা বাসিন্দাদের জানালা-দরজা বন্ধ রাখতে এবং সম্ভব হলে এলাকা এড়িয়ে চলতে বলেছি।’

লন্ডন ফায়ার ব্রিগেডের মুখপাত্র জানান, আগুন বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগেছে এবং এটি এখনও জ্বলছে। আগুন সম্পর্কে ফায়ার সার্ভিসের ৯৯৯ কন্ট্রোল রুমে প্রায় ১৬০টি ফোন কল এসেছে।

ইউকে পাওয়ার নেটওয়ার্কস জানিয়েছে, অগ্নিকাণ্ডটি একটি “বিচ্ছিন্ন ঘটনা” এবং এতে বিদ্যুৎ সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেনি।

উল্লেখ্য, মাত্র এক মাস আগেই হিথ্রো বিমানবন্দরের কাছে নর্থ হাইড সাবস্টেশনে আগুন লাগায় ১,৩০০-রও বেশি ফ্লাইট বাতিল হয় এবং হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।