ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে রাজনীতি করতে চাইলে দেশের মাটি, ভাষা এবং মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে। তিনি বলেন, “লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।”
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে সাদিক কায়েম এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।”
তিনি উল্লেখ করেন, “৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি।”
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।
খবরওয়ালা /এসএস



