শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রোববার লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তিনি আসন্ন রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে।

আজ সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানায়।

ফেসবুক পেজে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে।

পেজটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার এটি পৌঁছাতে পারে। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। আজ তাঁকে লন্ডনে নেওয়ার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত। অর্থাৎ আগে যেমন ছিল, এখনো তেমনই আছেন।’

এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন।

১৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থায় দেশজুড়ে উদ্বেগ রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে প্রথমে হাসপাতাল, পরে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন। এরপরও দেশে তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।