শিগগিরই ইরান-ইসরায়েল চুক্তি হবে: ট্রাম্প

ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশাল অ্যাপে এক পোস্টে লিখেছেন, ‘ইরান ও ইসরায়েল চুক্তি করবে এবং শিগগিরই চুক্তি হবে। আমাদের মধ্যে এখন অনেক ফোনকল ও বৈঠক চলছে।’

তিনি লিখেছেন, ‘ইরান ও ইসরায়েল চুক্তি করবে, আর এটা হবেই—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করেছিলাম। সেবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুই দেশের মধ্যে যুক্তি, ঐক্য আর স্বাভাবিকতা ফিরিয়ে এনেছিলাম। দুই দেশের অসাধারণ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিয়ে লড়াই বন্ধ করা সম্ভব হয়েছিল।’

তিনি আরও লেখেন, ‘আমার প্রথম মেয়াদে সার্বিয়া ও কসোভো কয়েক দশক ধরে সংঘাতে জড়িয়ে ছিল এবং যুদ্ধের আশঙ্কা ছিল তুঙ্গে। আমি সেটা থামিয়েছিলাম (বাইডেনের কিছু নির্বোধ সিদ্ধান্ত এর দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে আমি আবারও ঠিক করে দেব!)

আরেকটি উদাহরণ হলো মিসর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ, যেখানে বিশাল এক বাঁধ নিয়ে বিরোধ দেখা দিয়েছিল, যা মহান নীলনদের উপর প্রভাব ফেলছিল। আমার হস্তক্ষেপে সেখানে এখন শান্তি রয়েছে এবং তা বজায় থাকবে! একইভাবে ইরান ও ইসরায়েলের মধ্যেও শিগগিরই শান্তি হবে! এ নিয়ে বহু ফোনকল ও বৈঠক চলছে।

আমি অনেক কিছু করি, কিন্তু কোনো স্বীকৃতি পাই না—তাতে কোনো সমস্যা নেই, কারণ জনগণ সব বোঝে। ‘মধ্যপ্রাচ্যকে আবার মহান করো!’

এদিকে, এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এখনো যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়, তবে ভবিষ্যতে জড়িয়ে পড়া সম্ভব।’

এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিতে তিনি ‘খোলা মনোভাব’ দেখিয়েছেন। ট্রাম্প বলেন, ‘পুতিন এর মধ্যস্থতায় আগ্রহী। তিনি আমাকে ফোন করেছিলেন, এ নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে।’

খবরওয়ালা/এন

 

2Q== শিগগিরই ইরান-ইসরায়েল চুক্তি হবে: ট্রাম্প
Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।