খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিবচরের পাঁচ্চর থেকে গরু কিনে পিকআপভ্যানে টেকেরহাট যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। বন্দরখোলা চৌরাস্তার কাছে আসলে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে। পিকআপভ্যান থামিয়ে বিষয়টি খতিয়ে দেখতে গেলে প্রাইভেট কারে থাকা চারজন ডাকাত এলোপাতাড়ি কুপিয়ে দুই ব্যবসায়ীকে আহত করে। এরপর তারা তাদের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত ব্যবসায়ী রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
রাজন মোল্লা বলেন, “আমরা পিকআপভ্যানে করে টেকেরহাট যাচ্ছিলাম। বন্দরখোলা চৌরাস্তার কাছে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে ছিল। আমরা ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। গাড়িটি দেখার চেষ্টা করলে চারজন ডাকাত আমাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। তারা আমাদের কাছ থেকে চার লাখ টাকা নিয়ে চলে যায়।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও আমরা এই বিষয়ে কাজ করছি।
খবরওয়ালা /এসএস