শ্রমিক অসন্তোষ: উত্তরা ইপিজেডে ৪ কারখানা বন্ধ

শ্রমিকদের অসন্তোষের কারণে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কারখানাগুলো সোমবার (২৭ অক্টোবর) থেকে বন্ধ থাকবে। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় বিভিন্ন সামাজিক মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। সোমবার সকাল পর্যন্ত কারখানা এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো: দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার ও রোববার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। পরে তারা অন্যান্য শ্রমিকদেরও কাজে বাধা দিয়ে অবৈধভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন, যার ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে এবং যেকোনো দাবি আলোচনা করে সমাধান করার আহ্বান জানালেও তারা নির্দেশ অমান্য করে কাজ বন্ধ রাখেন। এর ফলে দু’দিন ধরে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি অনুকূল হলে নতুন নোটিশের মাধ্যমে কারখানা পুনরায় খোলার তারিখ জানানো হবে। তবে কারখানার নিরাপত্তা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বলেন, উৎপাদন বন্ধ রাখা এবং অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।