সংসদের অর্ধেক আসন চান নারী নেত্রীরা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানিয়ে নারী নেত্রীরা বলেছেন, ৩০০ আসনের অন্তত অর্ধেক—দেড়শটি আসন নারীদের জন্য বরাদ্দ দিতে হবে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই দাবি জানান তারা।

বৈঠক শেষে উইমেন এন্টারপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, সংসদে নারীর সংখ্যা আরও বাড়ুক। অন্তত ১৫০টি আসন যেন নারীদের দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার যেন নারী প্রার্থীদের সহায়তা করে। উন্নত দেশগুলোতেও নারীদের এভাবে সহায়তা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘নারীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটিও আমরা আলোচনায় তুলেছি। আমরা চাই অন্তত ৫০ শতাংশ আসনে নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।’

নির্বাচনি তহবিলের সীমাবদ্ধতার বিষয়েও নাসরিন ফাতেমা বলেন, ‘নারীদের জন্য নির্বাচনে অর্থসংস্থান করা অনেক কষ্টকর। পরিবারের পক্ষ থেকেও তারা পুরুষদের মতো সহজে সহায়তা পান না। তাই সরকার যদি নির্বাচনি তহবিলে নারীদের জন্য বিশেষ সহায়তা দেয়, তাহলে অনেক নারীই সাহস করে ভোটে অংশ নিতে পারবেন।’

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশিরভাগ রাজনৈতিক দল এখন ৫ থেকে ৭ শতাংশ নারীদের মনোনয়ন দিচ্ছে। আমরা চাই এটা যেন আরও বাড়ানো হয়, যাতে সংসদে নারী-পুরুষের প্রতিনিধিত্বে ভারসাম্য আসে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।