ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় রূপালী সুপার সার্ভিস নামে বেপরোয়া গতির এক বাসের ধাক্কায় আবুল হাসেম ভুঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে মহাসড়কের হাড়িখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মো. আবুল হাসেম ভুঁইয়া জেলার দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে আবুল হাসেম তার বাড়ি থেকে রওয়ানা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় এসে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লামুখী রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি থানার হেফাজতে রাখা হয়েছে।
খবরওয়ালা/টিএস



