খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব।’
সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সেখানেই এসব কথা বলেন তিনি।
প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে চলমান শুল্ক আলোচনা অন্যতম।
বৈঠকে জ্যাকবসন বাংলাদেশের সংস্কারপ্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এই রূপান্তরের চূড়ান্ত পরিণতি ঘটবে।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলো নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে যে কমিশন কাজ করছে, তাদের কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করছেন।’
খবরওয়ালা/এন