‘সময় কম, টাকা না দিলে মরতে হবে‘

‘আমাদের হাতে সময় নেই, ৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকেও মরতে হবে, তাই বলছি যেন ভুল না হয়।’ এমন একটি চিঠির মাধ্যমে মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় নামে এক যুবককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার দুর্গাপুর খানপাড়া গ্রামে। মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় ওই গ্রামের মৃত মোতাহার হোসেন খানের ছেলে।

জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) ভোরে সঞ্চয়ের বাড়ির বারান্দা থেকে চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠিতে লেখা ছিল, ‘সঞ্চয়, ছোট ভাই আশা রাখি ভালো আছ। ভাই, আমাদের হাতে সময় নেই, তাই বলছি আগামী ৫ তারিখের মধ্যে ৫০ হাজার টাকা দিতে হবে। তা না হলে রাজুর মতো তোমাকেও মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়। পরে ৫ লাখ টাকা দিলেও আমাদের প্রয়োজন হবে না। রাজুর কাছে ৩ লাখ টাকা ছিল, আমরা নিইনি। কারণ সে তারিখ মিস করেছিল এবং গোপনে তথ্য জানার চেষ্টা করেছিল, যার কারণে তাকে বিদায় করতে হয়েছে। তাই তোমাকে বলছি ভুল যেন না হয়। আগামী ৫ তারিখ রাতে ২/৩টার সময় টাকা একটি ব্যাগে করে তোমার বাড়ির গেটের সিঁড়ির পূর্ব পাশে রাখবে, আমরা নিয়ে যাব।’

এ বিষয়ে ভুক্তভোগী সঞ্চয় জানান, সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চিঠিটি দেখতে পাই। বুধবার ভোরে কে বা কারা গ্রিলের ভেতর দিয়ে ফেলে রেখে গেছে। পরে বিষয়টি স্থানীয় দুজনকে জানাই এবং তাদের পরামর্শে প্রশাসনকে খবর দিই।

স্থানীয়রা বলেন, এ ধরনের হুমকির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারণ, এর আগে ২০০৫ সালে একই এলাকায় রাজু নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই আমরা চাই, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।