সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। দ্রুত কলেজ কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষার্থী শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সদর উপজেলার মো. শহিদুল ইসলামের মেয়ে।
শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। তিনি বলেন, ‘আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
পরীক্ষার দিন সকালে এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
খবরওয়ালা/এসআর



