সাবেক আইজিআর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক (আইজিআর) খান মো. আব্দুল মান্নান এবং তাঁর স্ত্রী শাকিলা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এদিন আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মহাপরিদর্শক মান্নান ও অন্যান্যদের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রার নিয়োগ-বদলি, বদলি স্থগিত, কর্মচারী নিয়োগসহ কয়েক শ নকল নবিশ নিয়োগ এবং হাজার হাজার দলিল লেখকের লাইসেন্স বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হতে পারে। ফলে তাঁদের বিদেশ গমন বন্ধ করা অত্যন্ত জরুরি।

আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র ব্লকের যৌক্তিকতা হিসেবে বলা হয়, বর্তমানে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, আয়কর রিটার্ন জমা, পাসপোর্ট নবায়ন, ব্যাংক হিসাব পরিচালনাসহ প্রায় সব নাগরিক সুবিধা এনআইডির মাধ্যমে সম্পন্ন হয়। সেহেতু অভিযুক্তদের এনআইডি ব্লক করা হলে তারা এসব সুবিধা গ্রহণ করতে পারবেন না, যা তদন্তে সহায়ক হবে।

আদালত উভয় আবেদনই আমলে নিয়ে খান মো. আব্দুল মান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লকের নির্দেশ দেন।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।