সিরাজদিখানে মসজিদ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাহেব আলী (৫৮) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষে বাড়ি ফেরার সময় অজ্ঞাতনামা হামলাকারীরা সাহেব আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মো. জয়নাল দাবি করেন, “জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরেই আমার বাবাকে খুন করা হয়েছে। কয়েক দিন আগেই বাবাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জমিসংক্রান্ত পুরোনো বিরোধের বিষয়টি মাথায় রাখছি। সাহেব আলী মসজিদ থেকে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে টার্গেট করে আক্রমণ চালায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।