সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

ঢাকা সেনানিবাসের আশপাশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বরখাস্ত সেনা সদস্য নাইমুল ইসলাম ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত ৫ আগস্ট বরখাস্ত হওয়ার পর থেকে নাইমুল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সেনানিবাসের প্রবেশপথে রবিবার (১৮ মে) বিক্ষোভ কর্মসূচির নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন।

শনিবার দুপুর ২টায় খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল নাইমুলের সঙ্গে কথা বলতে গেলে তিনি ও তার সহযোগীরা উপস্থিত সেনা সদস্যদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে সেনা টহল দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই গ্রেপ্তার করে।

এর আগে স্ত্রীকে যৌতুকের দাবিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এবং সামরিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাইমুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে সেনানিবাস ঘিরে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিকেলে আইএসপিআরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে (রবিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট, বিএএফ শাহীন কলেজ, মহাখালী ফ্লাইওভার, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।