অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত এই সিরিজের প্রথম পর্ব মুক্তি পাওয়ার পরপরই ভক্তরা একে একে সিরিজটি দেখতে শুরু করেন। তবে দর্শকের বিপুল চাপ সামলাতে না পেরে, মুক্তির কয়েক মিনিটের মধ্যেই নেটফ্লিক্স প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে যায়।
২৭ নভেম্বর সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পর থেকে সমস্যাটি শুরু হয়। বিশেষ করে যারা টিভি সেটে সিরিজটি দেখতে চেয়েছিলেন, তাদের স্ট্রিমিংয়ে বাধা সৃষ্টি হয়। এই ঘটনায় সামাজিক মাধ্যমে অনেক ভক্ত তাদের ক্ষোভ প্রকাশ করেন।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্সের বিভ্রাটের অভিযোগ করেন, আর ভারতে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে পিক টাইমে।
নেটফ্লিক্স কর্তৃপক্ষ তাদের ইমেইল বার্তায় জানিয়েছে, “কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যা অনুভব করেছেন, তবে পাঁচ মিনিটের মধ্যে সকল অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে।”
নেটফ্লিক্সের এই ক্র্যাশের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালে মাইক টাইসন এবং জেইক পলের বক্সিং ম্যাচ, ‘লাভ ইজ ব্লাইন্ড’ রিয়েলিটি শো-এর লাইভ রিইউনিয়ন অনুষ্ঠানসহ অনেক ক্ষেত্রে প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়েছিল। গত বছর স্ট্রেঞ্জার থিংস ৪ এর শেষ দুটি পর্ব মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল।
প্রসঙ্গত, তিন বছর বিরতির পর পঞ্চম সিজন নিয়ে ফিরেছে ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে, হোকিন্স শহর নিয়ে নির্মিত এই সিরিজটি বিশ্বের প্রতিটি কোণায় তুমুল জনপ্রিয়।



