খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী (২৫)। তিনি দাবি করেছেন, হাবিবুর রহমান হাবিব (৩২) তার স্বামী।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তরুণীটি হাবিবের বাড়িতে গেলে হাবিব তাকে রেখে পালিয়ে যান। পরে তিনি বাড়ির সামনে অনশন শুরু করেন।
তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
তার ভাষ্য, ‘হাবিব ঈশ্বরদীতে হুজুর ডেকে আমাকে বিয়ে করেছেন এবং সেখানে আমি ৮ মাস ধরে সংসার করেছি। কিন্তু গত দুই মাস ধরে তিনি আরেকটি বিয়ের বিষয় গোপন রেখেছেন।’
তিনি জানান, হাবিবের নতুন বিয়ের খবর জানতে পারার পর থেকে তিনি আন্দোলন শুরু করেছেন, তবে দুর্ঘটনাক্রমে হাবিব বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান।
স্থানীয়দের কাছে তরুণীটি একাধিকবার হাবিবের সঙ্গে ঘুরতে যাওয়া ও বিভিন্ন স্থানে একত্রে থাকার প্রমাণও উপস্থাপন করেছেন।
এ বিষয়ে মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা নজরে নিয়েছি। আজ মঙ্গলবার, দুই পক্ষকে ডেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করছি। তবে হাবিব পলাতক থাকায় কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।’
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খবরওয়ালা/এসআই