স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা অপু অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দুইটার দিকে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাঁকে অবরুদ্ধ করে রাখেন।পরে খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসে। 

 শিক্ষার্থীদের দাবি, গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত চিঠিতে দেশে কারফিউ জারি হয়েছিল। তাঁকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে এ সময় এই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, শরীফ মাহমুদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘যতটুকু জেনেছি, ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে। আমরা দুদকের সঙ্গেও যোগাযোগ করেছি। তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কি না, তারা জানাবে। আপাতত তাঁকে আমরা হেফাজতে নিয়ে এসেছি।’

জানা যায়, শরীফ মাহমুদ অপু  প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে  নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়।

শরীফ মাহমুদ অপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের ছেলে। তাঁর বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান।
 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।