১৩ সেকেন্ডেই শেষ পাঁচ গ্রাম, ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র ১৩ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়েছে ৫টি গ্রাম। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩ শতাধিক পরিবার। আহত হয়েছেন কয়েকজন মানুষ ও কিছু গবাদিপশু।

রবিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড় আঘাত হানে। মুহূর্তের ঝোড়ো বাতাসে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে ও বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ভোরে প্রচণ্ড বাতাস শুরু হয়। মাত্র ১৩ সেকেন্ডেই সব কিছু তছনছ হয়ে যায়। ‘কার টিন কার বাড়িতে গিয়ে পড়েছে, তা বোঝার উপায় ছিল না,’ বলেন স্থানীয় এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা। প্রায় প্রতিটি ঘর কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা। কেউ কেউ বলেন, বাড়ির পাশের পুকুর থেকে টিন খুঁজে বের করতে হচ্ছে। প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবারের সহায়তা চেয়েছেন স্থানীয়রা।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, পাড়িয়া ইউনিয়নের চারটি গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছেন, আশা করি দ্রুত এসব পরিবার সহযোগিতা পাবে,’ বলেন তিনি।

ইউনিয়ন চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, আমাদের ইউনিয়নের অন্তত চারটি গ্রামে প্রতিটি বাড়িরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল দেওয়া হবে। পরবর্তীতে টিনের ব্যবস্থা করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।