চট্টগ্রাম কাস্টমস প্রকাশ্য নিলামের মাধ্যমে কেজিপ্রতি ১৭ টাকা ৪০ পয়সা দরে পেঁয়াজ বিক্রি করেছে। বুধবার (১৬ এপ্রিল) আয়োজিত এই নিলামে মোট ১৪৪ টন পেঁয়াজ ২৫ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়। দুটি নিলামকারী প্রতিষ্ঠান এই পেঁয়াজ কিনে নেয়।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, পচনশীল পণ্য হিসেবে পেঁয়াজও নিলামের মাধ্যমে দ্রুত বিক্রির পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার ১৪৪ টন পেঁয়াজের নিলাম হয়। প্রকাশ্য নিলামে সর্বোচ্চা দরদাতা দুই প্রতিষ্ঠানের অনুকূলে বিক্রয় অনুমোদন দেওয়া হবে।
কাস্টমস সূত্রে জানা যায়: নিলামে নগরীর দেওয়ান হাটের ফারজানা ট্রেডিং ৮৭ টন পেঁয়াজের একটি চালান সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ লাখ টাকায় ক্রয় করে। অন্যদিকে ৫৭ টন পেঁয়াজের আরেক চালানের ক্ষেত্রে নগরীর পতেঙ্গা এলাকার আসিফ নামের এক ব্যক্তি ১০ লাখ ৫ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা মনোনীত হন।
এই হিসাবে প্রতিকেজি পেঁয়াজের দাম দাঁড়ায় আনুমানিক ১৭ টাকা ৪০ পয়সা। বাজারদর তুলনায় অনেক কম দামে এই পেঁয়াজ বিক্রি হলেও কাস্টমস কর্তৃপক্ষ বলছে, দ্রুত খালাস ও নষ্ট হওয়া রোধ করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবরওয়ালা/এসআর



