আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে রাত্রিযাপন করা যাবে কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ ও জাহাজ চলাচল বন্ধ ছিল। জীববৈচিত্র্য ও প্রবাল প্রাচীর রক্ষার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
দীর্ঘদিন ভ্রমণ বন্ধ থাকায় দ্বীপে নেমে আসে সুনসান নীরবতা, কর্মহীন হয়ে পড়েন পর্যটননির্ভর শত শত মানুষ।
সরকার জানিয়েছে, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এটি ধীরে ধীরে “স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন অঞ্চলে” রূপ দেওয়া হবে।
খবরওয়ালা/আশ



