১ লাখ ৭২ হাজার টাকার সোনার দানা গিলে ফেলল শিশু

চীনের ১১ বছর বয়সী এক শিশু দুর্ঘটনাক্রমে গিলে ফেলেছে সোনার একটি দানা, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৭২ হাজার টাকার বেশি।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের কুনশান এলাকার বাসিন্দা জি নামের এক ব্যক্তি গত ১৭ অক্টোবর ১০ গ্রামের একটি সোনার দানা (গোল্ড বিন) কিনেছিলেন। কয়েক দিন পর, ২২ অক্টোবর তার ছেলে খেলতে খেলতে সেই দানাটি মুখে দিয়ে ফেলে এবং অসাবধানতাবশত গিলে ফেলে।

সে সময় জি বারান্দায় কাপড় ধুচ্ছিলেন। হঠাৎ তার ছেলে দৌড়ে এসে জানায়, সে সোনার দানাটি গিলে ফেলেছে এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলে, “আমি কি এখন মারা যাব?”

প্রথমে জি ভেবেছিলেন, ছেলে হয়তো মজা করছে। কিন্তু পরে বুঝতে পারেন, সোনার দানাটি সত্যিই হারিয়ে গেছে। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ দানাটি ছিল বেশ দামি।

তারপর জির মনে পড়ে, একবার তার ভাগনিও একটি কয়েন গিলে ফেলেছিল। তখন ডাক্তার জানিয়েছিলেন, এটি গুরুতর কিছু নয়—স্বাভাবিকভাবে মলের সঙ্গে বের হয়ে যাবে।

এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জি ইন্টারনেটে খোঁজাখুঁজি করেন এবং জানতে পারেন, সোনার জিনিসও একইভাবে শরীর থেকে বের হতে পারে। ফলে তিনি ছেলেকে সতর্ক করে ঘরের নির্দিষ্ট স্থানে মলত্যাগ করতে বলেন, যেন সোনার দানাটি উদ্ধার করা যায়।

এভাবে পাঁচ দিন কেটে যায়, কিন্তু দানাটি বের হয় না। শেষ পর্যন্ত ২৬ অক্টোবর জি ছেলেকে নিয়ে যান কুনশান ফিফথ পিপলস হাসপাতালে। চিকিৎসকেরা এক্স-রে করে শিশুর পেটে একটি ধাতব বস্তু দেখতে পান। তবে শিশুর কোনো ব্যথা বা বমি হয়নি।

সেদিন সন্ধ্যায় চিকিৎসকেরা শিশুটির পেট থেকে নিরাপদে সোনার দানাটি বের করতে সক্ষম হন। তবে সেটি স্বাভাবিকভাবে মলত্যাগের মাধ্যমে বের হয়েছে নাকি অস্ত্রোপচারের সাহায্যে, তা নিশ্চিত করা যায়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।