খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ই মে ২০২৫, ১২:১২ এএম
অধিকৃত পশ্চিম তীরের রেইহান ক্রসিং ও হেবরন হিলস এলাকায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুই হামলায় তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন।
বুধবার বিকালে ঘটে যাওয়া এই দুটি ঘটনায় গুলি, গাড়ি চাপা এবং ছুরিকাঘাতের মতো হামলার ধরন দেখা যায় বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
প্রথম ঘটনাটি ঘটে দখলকৃত পশ্চিম তীরের সামারিয়ার পশ্চিমাঞ্চলে রেইহান ক্রসিং এলাকায়। ইসরাইলি সেনারা অভিযানে থাকা অবস্থায় সন্দেহভাজন এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুই সেনা আহত হন। হেলিকপ্টারযোগে তাদের হাইফার রামবাম মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
এর কিছুক্ষণের মধ্যেই তেলআবিবের হেবরন হিলস এলাকায় আরেক হামলায় এক সেনাকে লক্ষ্য করে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে হামলাকারী গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে আক্রমণ চালাতে গেলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাগুলোর উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য