গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক এ চাকরিপ্রার্থীরা এখন ফলাফলের অপেক্ষায়।
তবে ঠিক কবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তার চূড়ান্ত দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী—আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করার কথা রয়েছে।
পিএসসি সূত্র জানায়, গত জুনে ছয়টি বিসিএসের রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর। রোডম্যাপ অনুযায়ী—নির্ধারিত তারিখে পরীক্ষা নিতে পেরেছে পিএসসি। এখন রোডম্যাপ মেনে ২৮ সেপ্টেম্বর প্রিলির ফল প্রকাশ করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বলেন, ‘ঝুলে থাকা সব বিসিএস রোডম্যাপ অনুযায়ী শেষ করার পথে এগোচ্ছে পিএসসি। রোডম্যাপে ঘোষিত তারিখের আগেই ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।’
‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশে সক্ষম হয়েছি আমরা। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সবশেষ ৪৭তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ৪৭তম বিসিএসের এ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’- যোগ করেন পিএসসির এ সদস্য।
খবরওয়ালা/এফএস



