এক নারী শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
বুধবার (১২ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হলে ক্ষুব্ধ হয়ে কারখানার অন্যান্য শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এর ফলে সকাল থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খবরওয়ালা/জেআর



