খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫
বগুড়ায় খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ তিন বছরের শিশু ফাইম বাবুর লাশ উদ্ধার হয়েছে । রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিশু মো. ফাইম বাবু (৩) শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মো. সোহেল রানার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার এক পর্যায়ে সে হঠাৎ পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।
পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাজশাহী থেকে ডাকা হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে ফাইমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ফাইম বাবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবরওয়ালা/এফএস