খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন মফস্বল ডেস্কঃ
কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় এমন ঘটনা ঘটে। অভিযান দলে থাকা ৫ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ নারীকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে এসআই মহসীনকে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন, কনস্টেবল সজল কুমার দাস, জহিরুল ইসলাম, আফসার উদ্দিন ও আতিকুল ইসলাম। এ ছাড়া এসি ল্যান্ড কার্যালয়ের কর্মী মনির হোসেন, জয়নাল আবেদীন, শাহাদাত হোসেন, আলী হোসেন ও সালাহ উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম জানান, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মো. হাসান নামের এক ব্যক্তির নেতৃত্বে গ্রামের মাঠ থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের কৃষিজমিগুলো ভেঙে ক্ষতিসাধন হচ্ছে—এমন অভিযোগ পেয়ে তিনি (এসি ল্যান্ড) আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা মো. হাসানের লোকজন রামদা, লাঠিসোঁটা নিয়ে এসি ল্যান্ড ও তার অভিযান দলের ওপর অতর্কিত হামলা চালান। এসি ল্যান্ডকে রক্ষার সময় হামলায় থানার এসআই মো. মহসীনসহ পাঁচ পুলিশ সদস্য এবং এসি ল্যান্ড কার্যালয়ের পাঁচ কর্মী আহত হন। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে এসআই মহসীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া সুলতানা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে এসআই মো. মহসীনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া এসি ল্যান্ড কার্যালয়ের কর্মী মনির হোসেন, জয়নাল আবেদীন, শাহাদাত হোসেনের শরীরের একাধিক স্থান পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। কয়েকজনের হাত ভেঙে দিয়েছে।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হাসানের স্ত্রী শেলীনা আক্তার ও শেলীনার চাচাতো বোন সাথী আক্তারকে আটক করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, এসি ল্যান্ড, থানা-পুলিশ, এসি ল্যান্ড কার্যালয়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ভ্রাম্যমাণ আদালত অবৈধ খনন কার্যক্রম বন্ধ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
খবরওয়ালা/এএইচপি