খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক আগামী এপ্রিলের শেষভাগে অথবা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়বে। তবে, এই নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বর্তমান গভর্নরের স্বাক্ষরে অচিরেই নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে শেখ মুজিবুর রহমানের ছবি এই নোটে থাকবে না।” নতুন নোটের ডিজাইন নিয়ে কাজ চলছে, এবং ধারণা করা হচ্ছে, ঈদুল আজহা উপলক্ষে এই নতুন নোট বাজারে আসতে পারে।
এছাড়া, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বাজারে আসবে। তবে, এগুলো আগেই ছাপানো হয়েছে, ফলে এসব নোটে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই এবং শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।
আরিফ হোসেন খান আরো বলেন, “বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না।” তিনি আরও জানান, পুরনো নোট বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে, যা কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে না।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদন পায়। এর আওতায় ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন ডিজাইনের এই নোটগুলো বাজারে আসবে শীঘ্রই।
এভাবে, বাংলাদেশ ব্যাংক নতুন নোটের মাধ্যমে অর্থের অপচয় কমিয়ে, অর্থনৈতিক ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
খবরওয়ালা/এমবি