ক্রাফট ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে ক্লাস বর্জন করে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২টা থেকে শহরের বনানী এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।
এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রথমে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করেন। এতে শহরের অন্যান্য বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে তারা মিছিল করে শহরের বনানী এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টরদের রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-
- জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদেও শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি বাধ্যতামূলক করা,
- ক্রাফট ইন্সট্রাক্টর পদসহ দেশের কারিগরি সকল পদগুলোতে শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া,
- কারিগরি (পলিটেকনিক ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা,
- ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ,
- কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ
- জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে শতকরা ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল।
খবরওয়ালা/এসআর



