খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। প্রকারভেদে যে পেঁয়াজ গত সপ্তাহে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন তা ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করতে শুরু করায় এ দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে।
পেঁয়াজ কিনতে আসা গোলাম রাব্বানী বলেন, ‘এক সপ্তাহ আগেও ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। আজ কিনতে হলো ৫০ টাকায়। হঠাৎ কী এমন হলো যে কেজিতে ২০ টাকা বেড়ে গেল?’
আরেক ক্রেতা সবুজ ইসলাম বলেন, ‘রমজান মাসজুড়ে বাজার স্বাভাবিক ছিল। কিন্তু মাত্র কয়েক দিনেই চাল, তেল, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে গেছে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘দেশে এবার প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে। তা সত্ত্বেও দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। এটা স্পষ্ট কারসাজি। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে এই সমস্যা হতো না।’
পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘মোকামে দাম বেড়ে যাওয়ায় আমরাও বিপাকে পড়েছি। বড় ব্যবসায়ীরা ৪৮–৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে মজুদ করছেন। এর ফলে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।’
খবরওয়ালা/জেআর