খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সাবেক নৌ-মন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান বলেছেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’
সোমবার (২১ এপ্রিল) সকালে শাহবাগ থানার জুট ব্যবসায়ী হত্যা মামলার শুনানির সময় আদালতে তিনি এই মন্তব্য করেন।
শাজাহান খান আজ আদালতে হাজির হওয়ার সময় এ মন্তব্য করেন। তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদালতে শুনানির সময় এ কথা বলেন সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ এর পরে, তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অবশ্যই নির্বাচন করব।’
এদিন শুনানির সময়, তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক ১৩ এপ্রিল আদালতে শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য করে ২১ এপ্রিল। শুনানির পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।
এ সময় শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। হাজতখানায় নেওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও।’ এবং পুনরায় মন্তব্য করেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’
এদিকে, রবিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে শাহজাহান খান বলেন, ‘আমি সত্য বলেছি। যা ঘটেছে, তা বলেছি।’ তিনি অভিযোগ করেন যে, এসব পুলিশ সদস্যদের সঙ্গে অবিচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগ থানার চানখারপুল এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনির নিহত হন। আন্দোলনে অংশগ্রহণকারী শাজাহান খান ও অন্যান্য আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে শাহজাহান খানকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
আওয়ামী লীগ নেতা শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
খবরওয়ালা/আরডি