খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় প্রতারক চক্র ‘চোট পার্টি’র এক সদস্যকে হাতেনাতে ধরে তার ভিডিও ফেসবুকে পোস্ট করায় আরাফাত মোল্যা মনি (৪০) নামে এক যুবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এঘটনার তিন সপ্তাহ পার হলেও থানা এখনো মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের আলীপুরে একটি সংবাদমাধ্যমের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর বাবা, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্যা জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় বাড়ির বাইরে হাঁটতে গেলে আরাফাতের উপর অতর্কিতে হামলা চালায় সাখাওয়াত মোল্যা, রুবেল, ইমরানসহ আরও কয়েকজন। তারা টেটা ও ধারালো অস্ত্র দিয়ে আরাফাতকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরাফাতের মা হোসনে আরা বলেন, ‘হামলাকারীরা এখনও বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে ও তাদের হুমকি দিচ্ছে, ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।’
আরাফাত মনি অভিযোগ করে বলেন, ‘চোট পার্টি’ নামে পরিচিত একটি চক্র সাধারণ মানুষকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং মাদক কারবারেও জড়িত। ঢাকায় এদের একজনকে প্রতারণার সময় হাতেনাতে ধরা হলে সেই ভিডিও তিনি গত ১৮ মার্চ ফেসবুকে শেয়ার করেন। এর জের ধরেই ঈদের দিনে তার উপর এই হামলা হয়।’
তবে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামলার ঘটনা ও মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।’
তবে পরিবার দাবি করছে, তারা ওসিকে অবহিত করার পাশাপাশি পুলিশ সুপারকেও বিষয়টি জানিয়েছেন। তিনি মামলা গ্রহণের নির্দেশ দিলেও এখনও মামলা নেয়া হয়নি। এতে বিচার না পাওয়ার আশঙ্কায় রয়েছে আহত যুবকের পরিবার।
খবরওয়ালা/এসআর