খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
রাজশাহী নগরীতে রবিউল ইসলাম রবিকে (৪০) নামে এক আওয়ামী লীগের নেতাকে গুলি করার পর কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ রবিউল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আলোচিত শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি। তার ছোট ভাই ২৬ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রবিউল সাহেব বাজার থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় খড়বোনা এলাকায় রিকশা থামিয়ে গুলি করার পর তাকে কোপানো হয়। কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে এসে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে বলেও জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে। অন্য পা এবং দুটি হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তির পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
খবরওয়ালা/এসআর