খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে পুলিশ বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত সাদিয়া আক্তার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।
প্রতিবেশীরা জানান, ওই নারীর সঙ্গে উপজেলার মাঠপাড়া নামক মহল্লার সাগর হোসেন নামের এক ছেলের বিয়ে হয়েছিল। প্রায় একমাস পূর্বে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে ওই বাসায় একাই ভাড়া থাকতেন সাদিয়া। শুক্রবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
হাকিমপুর (হিলি) থানা তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, ওই নারী প্রায় একমাস পূর্বে হিলি বাসস্ট্যান্ড এলাকায় শাকিল আহমেদ ওরফে টুলুর বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। শুক্রবার থানা পুলিশের একটি টিম উপস্থিত হয়ে দরজা ভেঙে ভাড়া বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
খবরওয়ালা/এসআর