এনসিপি ও এবি পার্টির নেতার বিরুদ্ধে হত্যা মামলা

কক্সবাজারে এনসিপি নেতা রাইয়ান কাশেম ও আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

জানা যায়, সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় ‘আল্লাওয়ালা হ্যাচারি’তে আলী আকবর নামের যুবক খুনের ঘটনায় নিহতের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর কাশেম (৬০), তার ছেলে ও জেলা এনসিপি নেতা রাইয়ান কাশেম (২৮), আবুল কাশেমের ছেলে তানভীর কাশেম (৫০), আল্লাওয়ালা হ্যাচারীর ম্যানেজার আনোয়ার (৫০), আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ হোছাইন (২৮) এবং রেজাউল করিমের ছেলে মো. মিজানুর রহমান (১৯)। এছাড়া অজ্ঞাতপরিচয়ে ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রায়হান কাশেম, মিজান ও আনোয়ার হোসাইন কারাগারে রয়েছেন।

মামলা নথিভুক্ত হওয়ার আগেই মঙ্গলবার পুলিশ হেফাজতে থাকা হ্যাচারি পরিচালক রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিজান ও হোসাইন নামের আরও দুজনকে সোমবার কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, তারা এ ঘটনায় রাইয়ানের সম্পৃক্ততা না থাকার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছেন। কিন্তু আদালত এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালত রাইয়ানকে সুচিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় কারাগারে থাকা রাইয়ান কাশেম জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার নেতা হিসেবে কাজ করছেন তিনি।

প্রসঙ্গত, রোববার রাত ১০টার দিকে খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝির ঘাট এলাকার ‘আল্লাওয়ালা হ্যাচারি’ নামে ঘেরে আলী আকবর নামের ওই যুবককে হত্যার অভিযোগ ওঠে। নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।