নারীকে সন্তান জন্মদানের আশ্বাস, অনলাইন তদবির চক্র হাতিয়ে নিল ৮৫ ভরি স্বর্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার ‘তাহকিয়া’ খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।

তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।

এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।

অনলাইন তদবির চক্রের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার, টাকা ও মোবাইল। ছবি: ডিএমপি

নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।