গুলির ম্যাগাজিন রাখা নিয়ে আসিফের সাফাই, মুখোশ উন্মোচনের হুঁশিয়ারি দিলেন জুলকারনাইন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হাতব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।

এই ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নিরাপত্তার স্বার্থে তার কাছে লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে এবং হাতব্যাগে ওই ম্যাগাজিন থেকে যাওয়া নিতান্তই ভুলবশত।’

তবে এই ঘটনার পর কীভাবে ম্যাগাজিন নিয়ে ভিআইপি টার্মিনালের প্রথম চেকিং পার হয়ে গেল- তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে তিনি কবে কীভাবে এই অস্ত্রের লাইসেন্স পেলেন এবং লাইসেন্সের বিপরীতে কেনা অস্ত্র ব্যবহার ও গুলির ব্যবস্থাপনা তিনি কতটা জানেন- এসব প্রশ্ন নিয়েও তোলপাড় চলছে সামাজিক মাধ্যম থেকে দেশের সব মহলে।

ব্যাপক আলোচনার প্রেক্ষিতে, সোমবার (৩০ জুন) সন্ধ্যায় নিজের পক্ষে সাফাই গেয়ে আরেক পোস্ট দেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি, এই ঘটনা সামনে নিয়ে আসা সাংবাদিক ও সাংবাদিককে তথ্য দেওয়া ব্যক্তিকে জাতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন।

এই পোস্টের পর অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণভাবে আসিফ আমহমুদের উদ্দেশে বলেছেন, ‘তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো, যা যা করেছ, সেসব তো আর সিসিটিভির কভারেজের মধ্যে করোনি। সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো।’

জুলকারনাইন সায়ের তার পোস্টে আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়, তাঁরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় না, তাঁরা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ‍্যাকেট, ডিজাইনার ঘড়ি কেনে না। মন চাইলেই দুবাই উড়াল দেয় না, আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না। সাধারণ নাগরিকেরা কন্ট্রাক্ট ম‍্যানিপুলেট করে অর্থ লোপাট করে না, নিষিদ্ধ গোষ্ঠির লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না।’

তিনি বলেন, ‘আর সরকার? সেটা হতে হয় জনগণের ভোটে, কারো কাঁধে চড়ে নয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল, বিমানে চাকরীরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাঁকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা, অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আমাকে যারা তথ্য দেয় তাঁরা এদেশের শ্রেষ্ঠ সন্তান, বাটপার কিছিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজ বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয়। আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না!’

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।