সাবেক দুই মন্ত্রীর ছেলে–বোনসহ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তাকে অব্যাহতি

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) এ–সংক্রান্ত অফিসে আদেশ জারি করেন উপাচার্য ওমর ফারুক ইউসুফ।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ছেলে মাহিদ বিন আমীন ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বোন আইরিন সুলতানাও রয়েছেন। চিকিৎসক মাহিদ বিন আমীন সহকারী রেজিস্ট্রার এবং চিকিৎসক আইরিন সুলতানা উপ–কলেজ পরিদর্শক ছিলেন।

অব্যাহতিপ্রাপ্ত অপর তিনজন হলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চিকিৎসক হাসিনা নাসরীন, সহকারী রেজিস্ট্রার এ এম শাহদাত হোছাইন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদ। হাসিনা নাসরীন নোয়াখালীর পৌরসভার সাবেক মেয়র সহিদ উল্লাহ খানের বোন। শাহদাত ও মোহাম্মদ মাসুদ ছাত্রলীগের নেতা ছিলেন বলে জানা গেছে।

অব্যাহতি আদেশে লেখা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত চতুর্থ সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি সংবিধি ২০২২–এর ধারা ১৪–এর ২৪ উপধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহত দেওয়া হলো।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য ওমর ফারুক ইউসুফকে ফোন করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অব্যাহতি পাওয়া সহকারী রেজিস্ট্রার মাহিদ বিন আমীন বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে আমাকে অব্যাহতি দেওয়া হয়। কালও অফিস করেছি। পরে আজ চিঠি পেলাম। এখন দেখি কী করা যায়।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।