খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
আগামী ৮ জুলাই থেকে পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সব কার্যক্রম। কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডের কারণে এমন সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (৩ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, ৮ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এনসিসি ব্যাংকের সব শাখা ও উপশাখার কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে ব্যাংকটিতে কোনো ধরনের লেনদেন হবে না। এই সময় ব্যাংকটির ডেবিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট, বিসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবিসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেড কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে লেনদেন বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিসি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই অনুমতি দিয়েছে।
নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।
খবরওয়ালা/এসআর