এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ১০টি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
আদালত সূত্র জানায়, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর হয়।
অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে সাইফুল আলমের রয়েছে ৪০টি ব্যাংক হিসাব। তার স্ত্রী ফারজানা পারভীনের ৬টি, বড় ছেলে আশরাফুল আলমের ৭টি, ছেলে আহসানুল আলমের ৭টি, ছেলে আসাদুল আলম মাহির একটি, শ্যালক আহমেদ বেলালের ২টি এবং বোন মাইমুনা খানমের নামে একটি ব্যাংক হিসাব রয়েছে।
এছাড়া সিঙ্গাপুরভিত্তিক ১০টি কোম্পানির শেয়ারও আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে, যেগুলোর মালিকানা এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে বলে দুদক দাবি করেছে।
এর আগে এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক ধাপে দেশের বিভিন্ন জায়গায় জমি, ব্যাংক হিসাব ও শেয়ার জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে রয়েছে: ১২ হাজার কোটির বেশি টাকার শেয়ার ও সম্পদ, ১,৩৬০টি ব্যাংক হিসাব, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও জার্সিতে থাকা কোম্পানি ও ট্রাস্ট শেয়ার, দেশত্যাগে নিষেধাজ্ঞা।
দুদক বলছে, বিদেশে অবৈধভাবে সম্পদ গড়ে তোলা ও অর্থপাচারের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/আশ



