রাজধানীর মহাখালীতে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তাজনীন রাফা (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তিনি বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত তাজনীন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রংবালিয়া গ্রামের প্রবাসী আরিফ হোসেন টিটুর একমাত্র কন্যা। মেয়ে ও তার মা নুপুর বর্তমানে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকার একটি ভাড়া বাসার চতুর্থ তলায় থাকতেন। বাসাটি পাশেই একটি মসজিদ অবস্থিত।
নুপুর জানান, আমার মেয়ে লেখাপড়ায় খুবই এগিয়ে, সম্প্রতি এক ক্লাস পরীক্ষায় এক বিষয়ে কম নম্বর পেয়ে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। এ ঘটনার কিছুক্ষণ পরই বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিমানে বারান্দা থেকে লাফিয়ে পড়ে তাজনীন গুরুতর আহত হন। স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে রাত আটটার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে, বনানী থানার কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



