দেশের জন্য ভালো কাজ করে যেতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান তিনি। তার লক্ষ্য—দেশবাসীকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ উদ্দেশ্য সফল করতে তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন সিইসি। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে—তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এই কাজ শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’

এ সময় তিনি সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং শোক প্রকাশ করেন।

সিইসির সফরসঙ্গী হিসেবে যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/শরিফ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।