বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫
বগুড়ায় একটি হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মামলার আসামির বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম এ কে এম ওসামা বিন কাদের (২০)। তিনি শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার অবস্থা এখনও সংকটাপন্ন।
ওসামার পরিবার ও তার বরাতে জানা যায়, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামের এক ব্যক্তি এই হামলা চালায়। হত্যাচেষ্টা মামলায় ওসামা প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। সেই মামলায় আসামি ছিল জুয়েল। অভিযোগ রয়েছে, সে তার স্ত্রীকে বিষপানে হত্যার চেষ্টা করেছিল।
আহতের বাবা আব্দুল কাদের বলেন, ‘বগুড়ার এক নারীকে তার স্বামী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে সেই নারী আদালতে মামলা করে এবং মামলায় প্রধান সাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভ থেকেই জুয়েল শরীয়তপুর থেকে এসে ওসামার ওপর হামলা চালায়।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, ‘আহতের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
খবরওয়ালা/এন