নাইজেরিয়ায় ছয় মাসে অপুষ্টিতে ৬৫২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা প্রদেশে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৬৫২ শিশু অপুষ্টিতে মারা গেছে।

গত শুক্রবার এক বিবৃতিতে চিকিৎসাসেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (MSF) জানায়, ২০২৫ সালের শুরু থেকে তারা পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই শিশুরা চিকিৎসার অভাবে মারা গেছে। সংস্থাটি বলছে, এদের অধিকাংশই সঠিক সময়ে জরুরি চিকিৎসা পায়নি, যা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বিবৃতিতে আরও জানানো হয়, উত্তর নাইজেরিয়ায় অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেসব শিশু গুরুতর অপুষ্টিতে ভুগেছে, এবছর সেই সংখ্যা বেড়েছে ২০৮ শতাংশ।

MSF অভিযোগ করে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান দাতা সংস্থাগুলো মানবিক সহায়তা কমিয়ে দেওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে। এতে করে শিশুদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দীর্ঘদিন ধরেই সশস্ত্র সহিংসতা ও নিরাপত্তা সংকটে থাকা কাটসিনা প্রদেশে বহু মানুষ বাসস্থান ও কৃষিকাজ হারিয়ে চরম দুরবস্থায় পড়েছে। এই প্রেক্ষাপটে MSF জানিয়েছে, তারা এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার অপুষ্ট শিশুকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু ছিল গুরুতর অবস্থায়।

এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানায়, খাদ্য মজুত কমে যাওয়ায় জুলাইয়ের শেষে উত্তর-পূর্ব নাইজেরিয়ার ১৩ লাখ মানুষের খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করা হতে পারে। বিষয়টিকে ‘হৃদয়বিদারক বাস্তবতা’ হিসেবে আখ্যা দিয়েছেন সংস্থাটির আঞ্চলিক প্রধান মার্গট ভ্যান ডের ভেল্ডেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID) বছরের পর বছর ধরে নাইজেরিয়ার সংকটপূর্ণ এলাকায় সহায়তা দিয়ে আসলেও, অপচয় ও জালিয়াতির অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন সংস্থাটির কার্যক্রম সীমিত করে দেয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।